Views Bangladesh Logo

শিশু ধর্ষণ-হত্যা: টানা দুই দিন ভাঙচুরে ধ্বংসস্তূপ অভিযুক্তের বাড়ি

পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে এলাকা। প্রধান অভিযুক্ত মোস্তফা প্রামাণিকের বাড়িতে টানা দুই দিন ধরে হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এতে দোতলা ভবনটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পুরো বাড়িটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ মোস্তফা প্রামাণিকের বাড়ির সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা ভবনের বিভিন্ন অংশে ভাঙচুর শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙচুরের মাত্রাও বাড়তে থাকে। ভবনের ইট, জানালার গ্রিলসহ বিভিন্ন অংশ খুলে নেওয়া হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সেখানে ভাঙচুর চলছিল।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর শত শত মানুষ মিছিল নিয়ে মোস্তফার বাড়িতে হামলা চালান। তারা বাড়ির দেয়াল, দরজা, জানালার গ্রিল ও আসবাবপত্র ভাঙচুর করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হলেও একপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশকে ঘটনাস্থল ছাড়তে হয়।

ভাঙচুরে অংশ নেওয়া বিক্ষুব্ধদের কয়েকজন জানান, শিশুটির সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে, তার বিচার চান তারা। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ সোহেল বলেন, শুধু স্থানীয়রাই নন, দূরদূরান্ত থেকেও অনেকে সেখানে এসে ভাঙচুরে অংশ নিচ্ছেন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেগ পেতে হচ্ছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্ষয়ক্ষতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযুক্তের বাড়ির গুরুত্বপূর্ণ মালামাল পুলিশ আগেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় কেনাকাটা করতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ১৬ সেপ্টেম্বর সকালে একটি পরিত্যক্ত ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, প্রধান অভিযুক্ত মোস্তফা প্রামাণিক ও তার ভাড়াটিয়া ইয়াছিন আলী (২১) শিশুটিকে ফুঁসলিয়ে একটি মুদি দোকানের পেছনের কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। পরে মরদেহ বস্তাবন্দী করে প্রথমে খাটের নিচে এবং পরে একটি ডোবায় ফেলে রাখা হয়।

এ ঘটনায় মোস্তফা প্রামাণিক ও ইয়াছিন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিদের মোবাইল ফোন থেকে উদ্ধার করা তথ্য ও ছবিতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দাখিলের প্রক্রিয়া চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ