মাগুরায় ‘ধর্ষণের’ শিকার শিশুটি মারা যায়নি: পুলিশ
৮ বছর বয়সী শিশুটি ‘ধর্ষণের’ শিকার হলেও এখনও বেঁচে আছে বলে জানিয়েছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. মিরাজুল ইসলাম।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে ‘মাগুরার শিশুটি মারা গেছে’।
মিরাজুল ইসলাম জানান, শিশুটির শারীরিক অবস্থা আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি। সে এখনও অচেতন অবস্থায় রয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা ইউনিটে (পিআইসিইউ) রাখা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় শিশুটির দুলাভাই সজিব শেখ (১৮) ও তার বাবা হিতু শেখ (৪৭) কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সজিবের কথাবার্তায় অসংলগ্নতা পাওয়া গেছে।
অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে বাড়ির মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে শিশুটিকে মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে শিশুটিকে ঢাকায় পাঠানো হয়।
শিশুটির মা বলছেন, ‘বোনের বাড়িতে একা পেয়ে কেউ তাকে ধর্ষণ করেছে। সে সময় বাড়িতে আর কেউ ছিল না, আর শিশুটি এখনো জ্ঞান ফিরে না পাওয়ায় ঠিক কারা এ ঘটনায় জড়িত তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।’
এদিকে, ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মানুষ। শুক্রবারের জুমার নামাজের পর মাগুরা শহরের বিভিন্ন সড়কে তারা প্রতিবাদ জানান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে