সুনামগঞ্জে নববধূ আনতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ ৬ বছরের শিশু
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নববধূ আনতে গিয়ে বরযাত্রীবাহী একটি নৌকা ডুবে ৬ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেল ৫টার দিকে উপজেলার পাটলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুর নাম ওবায়দুল শাহ। সে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের তৌহিদ নুর শাহের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বালিয়াঘাট গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে হাবলু শাহের সঙ্গে পাশের নয়াবন্ধ গ্রামের নাসির মিয়ার মেয়ের বিয়ে সম্পন্ন হয়। পরে বিকেলে বরের বাড়ি থেকে একটি ছোট নৌকায় করে শিশু ও নারীসহ ২০ থেকে ২৫ জন বরযাত্রী কনের বাড়িতে যান।
নববধূকে নিয়ে ফেরার পথে পাটলাই নদীতে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি হঠাৎ উল্টে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শিশু ওবায়দুল শাহ নিখোঁজ হয়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্বজন ও স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে কয়েক ঘণ্টাব্যাপী খোঁজাখুঁজি চালান। তবে রাত পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নৌকাডুবির ঘটনায় একটি শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ফায়ার সার্ভিসকেও বিষয়টি জানানো হয়েছে।
তিনি বলেন, “রাত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আগামীকাল শনিবার সকালে উদ্ধার অভিযান শুরু করা হবে।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে