সীতাকুণ্ডে গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটা সেই শিশুকে বাঁচানো গেল না!
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গলের ভেতর গলায় ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া সাত বছর বয়সী শিশুটি মারা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)–তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে রোববার (১ মার্চ) সকালে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ইকোপার্কের প্রায় পাঁচ কিলোমিটার গভীরে সড়ক সংস্কারকাজ চলাকালে একটি স্কেভেটর চালক শিশুটিকে টলমল পায়ে জঙ্গল থেকে রাস্তার দিকে আসতে দেখেন। শ্রমিকরা দ্রুত এগিয়ে গিয়ে গলার ক্ষত কাপড় দিয়ে চেপে ধরে রক্তক্ষরণ বন্ধের চেষ্টা করেন। পরে তাকে ট্রাকে করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।
হাসপাতাল সূত্র জানায়, শিশুটির গলায় ও হাতে গভীর ক্ষত ছিল। গলার গুরুতর আঘাতে তার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়, ফলে শুরু থেকেই সে কথা বলতে পারছিল না।
অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে ভোর সাড়ে চারটার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এর আগে জানিয়েছিলেন, শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়েছে এবং তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিকভাবে যৌন সহিংসতার আলামত পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা উল্লেখ করেন এবং প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
পুলিশ জানায়, শিশুটির বাড়ি সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মছজিদদা (মাস্টারপাড়া) এলাকায়। তার বাসা থেকে উদ্ধারস্থলের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এত কম বয়সী একটি শিশু কীভাবে একা ইকোপার্কের গভীরে পৌঁছাল—তাকে কেউ অপহরণ করে নিয়ে গেছে কি না কিংবা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় রোববার রাতেই শিশুটির মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত নৃশংস ও উদ্বেগজনক। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে