সাপের কামড়ে নিহত খালুর মিলাদে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
নওগাঁর নিয়ামতপুরে খালুর মৃত্যুর পর আয়োজিত মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিষধর সাপের কামড়ে নাহিদ হাসান নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের কাপাষ্টিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ হাসান পোরশা উপজেলার সোমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। হাজিনগর ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুল হক শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে নাহিদের খালু মতিউর রহমানও সাপের কামড়ে মারা যান। তার আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার বাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সঙ্গে বৃহস্পতিবার কাপাষ্টিয়া গ্রামে যায় নাহিদ। রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিল সে।
রাত তিনটার দিকে ঘুমন্ত অবস্থায় নাহিদকে বিষধর সাপে ছোবল দেয়। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মতামত দিন