উখিয়ার পাহাড়ধসে শিশুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত দুই আশ্রয়কেন্দ্র
টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই দিনে পৃথক আরেকটি ঘটনায় পাহাড়ধসে দুটি আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি।
বুধবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর এফ/৫ ব্লকে একটি পরিবারের আশ্রয়কেন্দ্রের ওপর পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে জমির হোসেনের ছেলে নুনু জিয়া (৮) মাটিচাপা পড়ে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে একই দিন দুপুর ২টা ১০ মিনিটের দিকে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে রোহিঙ্গা ক্যাম্প-২০-এর এম-৮ ও এম-৩২ ব্লকে পৃথকভাবে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে দুটি আশ্রয়কেন্দ্র বসবাস ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত আশ্রয়কেন্দ্র দুটির বাসিন্দা মো. সাবের (এম-৮ ব্লক) ও হালিমা (এম-৩২ ব্লক)। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে তাঁদের নিকটস্থ আশ্রয়কেন্দ্র এবং স্বজনদের বাসায় সরিয়ে নেওয়া হয়েছে।
১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি সৈয়দ করিম বলেন, টানা বৃষ্টিপাতের কারনে পাহাড় ধসে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। ক্যাম্প প্রশাসনের অনুমতি ক্রমে লাশ দাফনের প্রক্রিয়া চলছে।
টানা বৃষ্টিতে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত পরিবারগুলোকে সতর্ক করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।
মতামত দিন