বিয়ে শেষে কনেকে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস খাদে, নিহত ২
নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনেকে নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে কিশোরগঞ্জ-টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের সাত মাস বয়সী ছেলে জীবন ইসলাম এবং একই এলাকার মোজা মিয়ার ছেলে ও এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলাম (২০)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। বিয়েতে বরসহ প্রায় ১৫ জন বরযাত্রী অংশ নেন।
বিয়ে শেষে বর-কনেসহ বরযাত্রীরা মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত ৩টার দিকে গাড়িটি শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে মাইক্রোবাসচালক নিয়ন্ত্রণ হারান। এতে মাইক্রোবাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বর-কনেসহ গাড়িতে থাকা অন্তত ১৪ জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জীবন ইসলাম ও রিয়াদ ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব বলেন, রাতে ১৪ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পরে দুইজনকে মৃত ঘোষণা করা হয়। ১২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়।
মতামত দিন