সংসদে মোবাইলে কথা না বলা ও ছবি না তোলার আহ্বান চিফ হুইপের
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদ কক্ষে মোবাইল ফোনে কথা না বলা এবং ছবি না তোলার জন্য সংসদ সদস্যদের (এমপি) প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।
বুধবার সন্ধ্যায় অধিবেশন চলাকালে প্রথমে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। পরে চিফ হুইপ সংসদ সদস্যদের উদ্দেশ্যে এ নির্দেশনা দেন।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা চলাকালে বেশ কয়েকজন সংসদ সদস্যকে মোবাইলে কথা বলতে দেখা যায়। এ সময় ডেপুটি স্পিকার বলেন, সংসদের ভেতরে মোবাইল ফোনে কথা বলার শব্দ ডায়াস পর্যন্ত পৌঁছাচ্ছে, যা আলোচনায় বিঘ্ন ঘটাচ্ছে।
ডেপুটি স্পিকারের বক্তব্যের পর চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, বিষয়টি সবাই শুনেছেন এবং এটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
তিনি সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, অধিবেশন চলাকালে কেউ যেন সংসদ কক্ষে মোবাইলে কথা না বলেন এবং ছবি না তোলেন।
এছাড়া প্রয়োজন হলে সংসদকক্ষের বাইরে গিয়ে কথা বলার পরামর্শ দেন তিনি। পাশাপাশি স্পিকারের সঙ্গে কোনো সদস্য কথা বলার সময় মাঝখান দিয়ে যাতায়াত না করার শিষ্টাচার বজায় রাখারও অনুরোধ করেন চিফ হুইপ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে