পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের প্রস্তাব প্রধান বিচারপতির
বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় আইন মন্ত্রণালয়ে প্রস্তাব জমা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
রোববার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যকারিতা বাড়ানোসহ নিম্ন আদালতের বিচারকদের জন্য স্বচ্ছ সুশাসন নিশ্চিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মতামতে তৈরি এ প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবে ক্রমবর্ধমান মামলার বোঝা এবং প্রশাসনিক দায়িত্ব মোকাবেলায় নিবেদিত বিচার বিভাগীয় সচিবালয়ের জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, পৃথক সচিবালয় বিচারিক শৃঙ্খলা, বদলি, পদোন্নতি এবং অন্য প্রশাসনিক বিষয়েও বৃহত্তর স্বচ্ছতা সক্ষম করবে। ফলে বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত হবে।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের মূল ভবনে দেয়া ভাষণে বিচার বিভাগীয় সংস্কারের রোডম্যাপ তুলে ধরেন প্রধান বিচারপতি।
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও অনুষ্ঠানে ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রধান ও আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা।
অনুষ্ঠানে বিচার বিভাগের স্বাধীনতা ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণে গুরুত্বারোপ করেন প্রধান বিচারপতি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে