Views Bangladesh Logo

প্রধান উপদেষ্টার সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬২ লাখ টাকা, এক বছরে বেড়েছে কত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মোট পরিসম্পদ দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। এক বছর আগে, অর্থাৎ ২০২৪ সালের ৩০ জুনে তাঁর সম্পদের পরিমাণ ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। সে হিসাবে এক বছরে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকা।

প্রকাশিত বিবরণীতে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী ও মেয়াদি আমানতে বৃদ্ধি এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ারের কারণে তার মোট সম্পদ বৃদ্ধি পেয়েছে।

একই সঙ্গে প্রকাশ করা হয়েছে প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদের হিসাবও। বিবরণী অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৩৬০ টাকা, যা আগের অর্থবছরে ছিল ২ কোটি ১১ লাখ ৭৭ হাজার ২৭৪ টাকা। ফলে এক বছরে তাঁর সম্পদ কমেছে ৮৪ লাখ ১৩ হাজার ৯১৪ টাকা।

আয়কর আইন অনুযায়ী, একজন করদাতার মালিকানাধীন স্থাবর ও অস্থাবর, আর্থিক ও মূলধনি সব সম্পত্তির সমষ্টিকেই পরিসম্পদ হিসেবে গণ্য করা হয়।

এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্বামী-স্ত্রীর সম্পদ বিবরণী প্রকাশের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনার আলোকে ২০২৪ ও ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সম্পদ বিবরণী জনসমক্ষে প্রকাশ করা হলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ