প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা
উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিতে প্রথমবারের মতো সচিবালয়ে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে আসেন তিনি।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ড. ইউনূসকে স্বাগত জানান।
সচিবালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা গেছে, আজকের বৈঠকটি সচিবালয়ের ছয় নম্বর ভবনের ১৩ তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, এই কক্ষটি মূলত মন্ত্রিসভার বৈঠকের জন্য প্রস্তুত করা হয়েছিল, তবে দীর্ঘদিন ধরে এখানে মন্ত্রিসভার কোনও বৈঠক হয়নি। সাধারণত সচিব পর্যায়ের বৈঠক বছরে দু-একবার এখানে অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষ্যে কক্ষটি ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রথমবার সচিবালয়ে আগমনের কারণে সচিবালয়ের অন্যান্য ভবন এবং ভেতরের রাস্তা ঝাড়-মোছ করা হয়েছে। এছাড়া আজ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। অর্থাৎ কর্মকর্তারা যেসব পাস দিয়ে দর্শনার্থী প্রবেশ করাতে পারেন, তা বন্ধ থাকবে। তবে প্রধান উপদেষ্টা সচিবালয় ছেড়ে যাওয়ার পর কর্মকর্তাদের পাস আবারও চালু হতে পারে।
গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে এখন অনুষ্ঠিত পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে হয়েছে। এই প্রথম সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে