তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই বিজয় গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের সুস্পষ্ট রায় হিসেবে প্রতিফলিত হয়েছে। এটি দেশের সাংবিধানিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গি দেশকে স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নেবে। একই সঙ্গে তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ ও নেতৃত্বের কথাও স্মরণ করেন এবং সেগুলো ভবিষ্যৎ পথচলায় দিকনির্দেশনা দেবে বলে প্রত্যাশা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় ভূমিকার জন্য সমন্বিত নেতৃত্ব প্রয়োজন। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য, আইনের শাসন, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের সময় তারেক রহমানের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে ইউনূস বলেন, পরিবর্তনের সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বার্তার শেষে দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের সফলতা কামনা করেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে