Views Bangladesh Logo

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা জামায়াত আমিরকে বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং পরবর্তীতে নির্বাচনের ফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

ড. ইউনূস বলেন, ‘নির্বাচনী প্রচারপর্ব থেকে শুরু করে ফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত আপনার রাজনৈতিক শিষ্টাচার, সংযম, দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা রেখেছে।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকালে আপনার দল যে গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতা প্রদান করেছে, তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।’

নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, এই নির্বাচনে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসনে জয়লাভ করেছে, যা দলটির সংসদীয় ইতিহাসে সর্বোচ্চ আসন প্রাপ্তি। এছাড়া মোট ৭৭টি আসনে জয়ী হয়ে জাতীয় সংসদে অন্যতম শক্তিশালী বিরোধী জোট হিসেবে আত্মপ্রকাশ করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। দলটির আমির ডা. শফিকুর রহমান নিজে ঢাকা-১৫ আসন থেকে ৮৫ হাজার ১৩১ ভোট পেয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ