Views Bangladesh Logo

৭ বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাতজন বিশিষ্ট ব্যক্তির হাতে ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদেরকে এই পদক দেয়া হয়।

এ বছর যারা স্বাধীনতা পুরস্কার পেয়েছেন তারা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ (মরণোত্তর)।

এদের মধ্যে ছয়জনকে মরণোত্তর এই পুরস্কার প্রদান করা হয়। তাদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন পরিবারের সদস্যরা ।

এদিকে পুরস্কারের জন্য মনোনীত একমাত্র জীবিত ব্যক্তি বদরুদ্দিন মোহাম্মদ উমর আগেই জানিয়েছিলেন যে, তিনি এই পুরস্কার নেবেন না। শতাধিক বইয়ের এই লেখক জীবদ্দশায় কোনো পুরস্কার গ্রহণ করেননি। সরকার তার এই ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। তবে অনুষ্ঠানে ঘোষণা দেয়া হয়, তার পুরস্কারের একটি রেপ্লিকা জাতীয় জাদুঘরে রাখা হবে।

স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের লক্ষে প্রতি বছর জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়ে থাকে। এই পুরস্কার ১৯৭৭ সালে প্রবর্তন করা হয়। সরকার ২০২৪ সাল পর্যন্ত ৩২৪ জন ব্যক্তি ও ৩২টি প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করেছে।

এর আগে গত ১১ মার্চ রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ