কন্ট্রোল রুম থেকে সারাদেশের ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে সারাদেশের ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে তিনি দেশের বিভিন্ন এলাকার ভোটগ্রহণের চিত্র মনিটর করেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম উপস্থিত ছিলেন।
সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই ভোটারদের কেন্দ্রমুখী হতে দেখা যায়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে।
দেশব্যাপী মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে স্থাপন করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।
নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন মোট ৮৩ জন—দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন।
২৯৯টি আসনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে ওই আসন বাদ দিয়ে বাকি ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে