Views Bangladesh Logo

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্ক ও কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসা তুরস্ক ও কমনওয়েলথের দুটি পৃথক পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তুরস্কের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। এর আগে সোমবার কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করে।

প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার সরকারি প্রতিশ্রুতির অংশ হিসেবেই এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবারের বৈঠকে তুরস্কের সাত সদস্যের নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টার্কিশ–বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান মেহমেত আকিফ ইলমাজ। তুরস্কের পার্লামেন্ট সদস্যদের নিয়ে গঠিত এই দলটি বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি ও সামগ্রিক পরিবেশ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করে। প্রতিনিধিদলের সদস্যরা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা তুর্কি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বাংলাদেশে গণতন্ত্র সুসংহত করতে তাদের উপস্থিতির গুরুত্ব তুলে ধরেন।

এর আগে সোমবার ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ ই নানা আকুফো-আডোর নেতৃত্বে ২৩ সদস্যের কমনওয়েলথ অবজারভার গ্রুপ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে তারা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার কারিগরি ও রাজনৈতিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমনওয়েলথ প্রতিনিধিদল দেশব্যাপী পর্যবেক্ষক মোতায়েন এবং নির্বাচন-পরবর্তী মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে সরকারকে অবহিত করে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, উভয় প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা ছিল ফলপ্রসূ। অধ্যাপক ইউনূস বিদেশি পর্যবেক্ষকদের আশ্বস্ত করে বলেন, নির্বাচনকে আন্তর্জাতিক মানসম্পন্ন ও জনগণের প্রত্যাশার প্রতিফলনে পরিণত করতে সরকার ও নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ।

বৈঠকগুলোতে পর্যবেক্ষক দলগুলো নির্বাচনী আইন, ভোটারদের নিরাপত্তা এবং রাজনৈতিক দলগুলোর প্রচারণার সুযোগ নিয়েও খোঁজখবর নেয়। এদিকে নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিতে ইতোমধ্যে কয়েক শ আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে পৌঁছাতে শুরু করেছেন, যা নির্বাচনের গ্রহণযোগ্যতা ও বিশ্বস্ততা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ