ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিসরের পথে ড. ইউনূস
১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে কায়রো গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিসরের উদ্দেশে রওনা দেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইরান ও পাকিস্তানসহ আরও কয়েকটি দেশের সরকার প্রধানরা ১৯ ডিসেম্বর এই সম্মেলনে যোগ দেবেন।’
আজাদ মজুমদার বলেন, ডি-৮ শীর্ষ সম্মেলন ভবিষ্যতের অর্থনীতির জন্য যুব ও এমএসএমই ইস্যুতে সংস্থাটির গুরুত্বকে তুলে ধরে। এ কারণে সম্মেলনটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের তরুণদের নিয়ে বৈশ্বিক সম্মেলনে কাজ করতে তিনি সেখানে যাচ্ছেন। এমএসএমই ক্ষেত্রে বাংলাদেশকে কীভাবে কাজে লাগানো যায় সেই বিষয়গুলো এখানে আলোচনা হবে।
এর পাশাপাশি প্রধান উপদেষ্টা কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন বলেও জানান প্রেস উপসচিব।
এ ছাড়াও ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। এরইমধ্যে এসব বৈঠকের প্রস্তুতিও চলছে।
কায়রোতে অনুষ্ঠিতব্য এবারের ডি-৮ শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে, ‘ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, শেপিং টুমরোস ইকোনমি’।
ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন, যা ডেভেলপিং-৮ নামেও পরিচিত। এটি বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত একটি সংস্থা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে