Views Bangladesh Logo

মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার

রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার পবিত্র রমজানকে সামনে রেখে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান। বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র মাহে রমজান আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। সিয়াম পালন, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে এ মাসে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি জোরদার হয় এবং মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের সুযোগ সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, রমজান ব্যক্তি ও জাতীয় জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনের প্রেরণা জোগায়। এ মাস মানুষকে সত্যনিষ্ঠা, সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধ চর্চায় উদ্বুদ্ধ করে এবং দরিদ্র ও বঞ্চিতদের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে।

রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ-বিলাস ও হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সবাই যেন বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করেন এবং রমজানের পবিত্রতা রক্ষা করেন।

শেষে তিনি মহান আল্লাহর কাছে সবার রোজা, নামাজ ও নেক আমল কবুলের প্রার্থনা করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ