Views Bangladesh Logo

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আজ বিকেলে ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষর করেছেন। বিকেল ৫টার পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তারা সনদে স্বাক্ষর করেন।

এর আগে বিকেল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছান। বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাব পর্যালোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত কয়েক দফা আলোচনার পর মোট ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছায় কমিশন। এসব প্রস্তাবকে ভিত্তি করে তৈরি হয় জুলাই সনদের খসড়া, যা পরে বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলের মতামত নিয়ে চূড়ান্ত করা হয়।

সব দলের মতামত সংযুক্ত করে জাতীয় ঐকমত্য কমিশন লিখিত আকারে সনদের চূড়ান্ত খসড়া প্রস্তুত করে এবং গত মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে এর কপি সরবরাহ করে। আজ ১৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে এর কার্যক্রম সম্পন্ন হলো।

এদিকে, অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই জাতীয় সংসদ ভবন এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেয়। জুলাই অভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ‘জুলাই বীর’ হিসেবে সম্মাননা প্রদানের দাবিতে ‘জুলাই যোদ্ধারা’ সংসদ ভবন এলাকায় অবস্থান নেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ আন্দোলনকারীদের উদ্দেশে জানান, জুলাই সনদে তাদের স্বীকৃতির বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে এবং শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার আহ্বান জানান। তবে আন্দোলনকারীরা অবস্থান চালিয়ে গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেয়, ফলে কিছুক্ষণ ধাওয়া-পাল্টা ধাওয়া পরিস্থিতি তৈরি হয়।

পরে অধ্যাপক আলী রীয়াজ ঘোষণা দেন যে, জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে সনদের অঙ্গীকারনামার ৫ নম্বর দফা সংশোধন করা হয়েছে, যাতে তাদের অবদান ও স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ