Views Bangladesh Logo

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: নিরাপত্তা প্রদানে ‘প্রশাসনের ব্যর্থতা’য় নিন্দা ছাত্র ইউনিয়নের

 VB  Desk

ভিবি ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

সংগঠনটি বলেছে, আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত জাবি এখন সাধারণ শিক্ষার্থীদের জন্য ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে এবং এর সম্পূর্ণ দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।

বুধবার (১৩ মে) দেওয়া এক বিবৃতিতে ছাত্র ইউনিয়ন বলেছে, ‘গত রাতে ক্যাম্পাসের ভেতরে ঘটে যাওয়া এই ‘ন্যক্কারজনক ও ভয়াবহ’ ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং দীর্ঘদিনের নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ। অতীতেও ক্যাম্পাসে একাধিক নিরাপত্তা সংকট তৈরি হলেও প্রশাসন কেবল তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েই দায়িত্ব শেষ করেছে। কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে স্থায়ী ও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

সংগঠনটির ভাষ্য, শিক্ষার্থীদের দীর্ঘদিনের উদ্বেগ ও দাবির পরও প্রশাসনের ‘নিস্পৃহ ও উদাসীন’ মনোভাব বহিরাগত অপরাধীদের জন্য সুযোগ তৈরি করেছে। ফলে আবাসিক ক্যাম্পাসে শিক্ষার্থীরা এখন নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

বিবৃতিতে কঠোর সমালোচনা করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বক্তব্য নিয়ে। ছাত্র ইউনিয়ন দাবি করে, ঘটনার পর প্রক্টরের পক্ষ থেকে বলা হয়—‘শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব রেজিস্ট্রার অফিসের, প্রক্টরের নয়।’ এই বক্তব্যকে তারা ‘পলায়নপর, দায়িত্বজ্ঞানহীন ও অপেশাদার’ বলে উল্লেখ করেছে।

ছাত্র ইউনিয়নের মতে, যখন একটি শিক্ষার্থীর জীবন ও মর্যাদা হুমকির মুখে, তখন প্রক্টরিয়াল বডির এমন দায় এড়ানোর প্রবণতা প্রশাসনিক ব্যর্থতাকেই স্পষ্ট করে। সংগঠনটি আরও বলেছে, প্রশাসনের এই অবহেলা ও জবাবদিহিহীনতার কারণেই ক্যাম্পাসের নিরাপত্তা কাঠামো ভঙ্গুর হয়ে পড়েছে।

ঘটনার প্রেক্ষিতে ছাত্র ইউনিয়ন চার দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো—

১. দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করা।

২. অতীতে ঘটে যাওয়া সব নিরাপত্তা ঘাটতির দায় প্রশাসনকে স্বীকার করতে হবে এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

৩. নিরাপত্তা নিয়ে প্রক্টরের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের ব্যাখ্যা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

৪. বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গেটে বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সংগঠনটি আরও বলেছে, দীর্ঘদিন ধরে জাবির আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা ক্যাম্পাসে অনিরাপদ বোধ করছেন। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে শিক্ষার্থীদের ‘পিঠ দেয়ালে ঠেকে গেছে।’

বিবৃতির শেষাংশে ছাত্র ইউনিয়ন হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রশাসন যদি দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে তারা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তারা কঠোর আন্দোলন ও প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ