নবীনবরণে যুদ্ধাপরাধী গোলাম আযমের বই উপহার শিবিরের, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ১৯৭১ সালের যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের লেখা বই উপহার দেওয়াকে কেন্দ্র করে সমালোচনা তৈরি হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ‘মনকে কাজ দিন’ বইটি উপহার দেওয়া হয়।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির। অনুষ্ঠানে গোলাম আযমের লেখা বই বিতরণের বিষয়টি সামনে আসার পর শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, নবীনবরণের মতো আয়োজনের মাধ্যমে একাত্তরের যুদ্ধাপরাধীদের গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নবীন শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় আঙিনায় এ ধরনের বই উপহার দেওয়ার মাধ্যমে যুদ্ধাপরাধীদের স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। তার মতে, এটি কোনোভাবেই কাম্য নয় এবং এ ধরনের কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করার শামিল।
আরেক নবীন শিক্ষার্থী বলেন, শিবির জমকালো আয়োজনের মাধ্যমে নবীনদের বরণ করেছে। তবে উপহারসামগ্রীর মধ্যে একাত্তরের চিহ্নিত রাজাকার গোলাম আযমের লেখা বই দেওয়া নিন্দনীয়।
ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, কয়েক বছর ধরে একাত্তরের যুদ্ধাপরাধীদের স্বাভাবিক করে তোলার একটি প্রক্রিয়া চলছে। শিবিরের নবীনবরণে শিক্ষার্থীপ্রতি সহস্রাধিক টাকা ব্যয় হয়েছে। এটিকে তিনি শিক্ষার্থীদের সংগঠনের স্বাভাবিক কর্মকাণ্ড হিসেবে দেখছেন না। এ আয়োজনের পেছনে দেশি-বিদেশি বাংলাদেশবিরোধী শক্তির কোনো বিনিয়োগ আছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনকে হস্তক্ষেপমুক্ত রাখার কথা বললেও দেশবিরোধী কোনো এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে কি না, সে বিষয়ে তদারকি প্রয়োজন বলে মন্তব্য করেন।
নবীনবরণ অনুষ্ঠানের আড়ালে শিক্ষার্থীদের হাতে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ রাজনৈতিক মতাদর্শের বই তুলে দেওয়া উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার কারণে ইতিহাসে চিহ্নিত রাজাকার গোলাম আযমের লেখা বই নবীন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চার আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তবে বই উপহার দেওয়ার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে চাননি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। তিনি বলেন, এ বিষয়ে তারা এখন কথা বলতে চান না।
মতামত দিন