জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখা সভাপতি হাসিবের ওপর হামলা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিবুলের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে দেশীয় অস্ত্রধারীদের হামলার শিকার হতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, শ্রীমঙ্গলের রাধানগর এলাকার একটি সড়কে ইজিবাইকে করে যাচ্ছিলেন হাসিবুল। এ সময় তাঁর পাশে এক নারী বসা ছিলেন। এক ব্যক্তি ইজিবাইকের গতিরোধ করে তাঁকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দেন এবং সঙ্গে নারী নিয়ে দেশ বিক্রি করে আমোদ-ফুর্তি করার অভিযোগ তোলেন। এরপর চিৎকার-চেঁচামেচি শোনা যায়। একপর্যায়ে হাসিবুলকে ‘ভাই, ভাই, প্লিজ ভাই’ বলতে শোনা যায়। এসময় হাসিব ওই নারীকে স্ত্রী দাবি করেন। পরে তিনি দৌড়ে সেখান থেকে চলে যান।
তবে কারা এ হামলার সঙ্গে জড়িত, তা জানা যায়নি।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, শ্রীমঙ্গলের রাধানগর এলাকার একটি রিসোর্ট থেকে চেকআউট করে বের হওয়ার সময় হাসিবুলের ওপর হামলা হয়। ঘটনার পর তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি। পরে রিসোর্টে খোঁজ নিয়েও তাঁকে পাওয়া যায়নি। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মতামত দিন