চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইমন আহমেদ পায়েল নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইমন ওই এলাকার মো. আশরাফুল হক সিলু মোহরিলের ছেলে এবং তিনি পৌর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ইমন আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো ঘটনা রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে