Views Bangladesh Logo

ফরিদপুরে ডিবি পুলিশের হাতে আটকের পর ছাত্রলীগ নেতার মৃত্যু

ফরিদপুরের মধুখালী উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ছাত্রলীগ নেতা মো. ইশতিয়াক আহম্মেদ প্রান্ত হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। পরে তাকে ফরিদপুর জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। পুলিশের দাবি, এ সময় তার কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে হাজতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানায় পুলিশ। তাকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত প্রান্ত মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার মৃত এস্কেন্দার হায়দারের ছেলে।

পরিবারের অভিযোগ, রাতের বেলা বাড়ি থেকে তাকে আটক করার কিছু সময় পরই হাসপাতালে তার মৃত্যুর খবর জানানো হয়। নিহতের চাচা ও সাবেক কাউন্সিলর মির্জা আবু জাফর বলেন, রাতের দিকে ডিবি পুলিশ তাকে বাড়ি থেকে নিয়ে যায়। পরে সকালে আমরা জানতে পারি সে হাসপাতালে মারা গেছে।

এদিকে পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মৃত্যু ব্রেন স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, মাদকসহ আটক এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে কোনো ধরনের শারীরিক নির্যাতনের প্রমাণ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

ঘটনাটিকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ