Views Bangladesh Logo

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ হলে ছাত্রলীগের কমিটি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১টি আবাসিক হলে আংশিক কমিটি ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার (৪ মে) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটিগুলো ঘোষণা করা হয়।

ঘোষিত এই কমিটিগুলোতে বঙ্গবন্ধু হলের (বিজয় ২৪) সভাপতি হিসেবে তানভীর আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে তামিম হাসানের নাম উল্লেখ করা হয়েছে। অন্যান্য হলের মধ্যে শেরে বাংলা হলে শুভ্র দেব শাহা ও মোবাশ্বের রায়হান রাফি, শাহ মখদুম হলে এলাহি শেখ ও এহসান আহমেদ আকাশ এবং নবাব আব্দুল লতিফ হলে মাসুদুর রহমান ও আব্দুল জলিল চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়াও সৈয়দ আমির আলী হলে সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিহাদ, শহীদ হবিবুর রহমান হলে সভাপতি রাইসুল ইসলাম ও সাধারণ সম্পাদক সোহান হাসান, শহীদ জিয়াউর রহমান হলে সভাপতি মাজেদুল ইসলাম মৃদুল ও সাধারণ সম্পাদক তানজিল হাসান সুমন, মাদার বখস হলে সভাপতি শামীম শিকদার ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, মতিহার হলে সভাপতি ডালিম মির্জা এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শোয়াইবের নাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব নেতাকে আগামী এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

নিষিদ্ধ সংগঠনের এই কমিটি ঘোষণার পর ক্যাম্পাসে অন্যান্য ছাত্রসংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছাত্রনেতাদের মতে, পলাতক অবস্থায় এমন কমিটি ঘোষণার মাধ্যমে ক্যাম্পাসে নতুন করে অরাজকতা তৈরির চেষ্টা চালানো হচ্ছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী এই ঘটনাকে গুরুত্বহীন উল্লেখ করে বলেন, ‘ এই সংগঠনটি নিষিদ্ধ এবং তাদের নেতৃত্ব পলাতক। তারা শিক্ষার্থীদের থেকেও সম্পূর্ণ বিচ্ছিন্ন। এমতাবস্থায় কমিটি ঘোষণা নিছকই হাস্যকর ও বাস্তবতাবিবর্জিত। আমরা তাদের এই কমিটি ঘোষণাকে কোনো গুরুত্ব দিচ্ছি না।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ