Views Bangladesh Logo

বেরোবিতে যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শন শিবিরের, ছাত্রদল আপত্তি জানালে বাধে সংঘর্ষ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রশিবির আয়োজিত ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনীতে যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতাদের ছবি প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রশিবিরের আয়োজিত প্রদর্শনীতে যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতাসহ সালাউদ্দিন কাদের চৌধুরীকে ‘বিচারিক হত্যাকাণ্ডের শিকার’ হিসেবে উল্লেখ করে একটি ব্যানার প্রদর্শন করা হয়। এ নিয়ে আপত্তি জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানারটি সরিয়ে নেওয়ার দাবি করেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগ রয়েছে, পরে দুই পক্ষ ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে। সংঘর্ষে চেয়ার, গাছের ডাল ও ইটপাটকেল ব্যবহার করা হয়। এতে অন্তত তিনজন আহত হন।

ঘটনার পর ক্যাম্পাসে দুই সংগঠনের নেতাকর্মীরা পৃথক অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন। এতে বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

তিনি বলেন, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ