জামায়াত আমিরের ‘এক্স’ পোস্টের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে কর্মজীবী নারীদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শুরু করে সংগঠনটি। মিছিল চলাকালে তারা ওই মন্তব্যকে নারীবিদ্বেষী ও অসম্মানজনক আখ্যা দিয়ে অবিলম্বে প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
ছাত্রদল নেতারা বলেন, কর্মজীবী নারীদের মর্যাদা ও অধিকার প্রশ্নে এমন বক্তব্য সমাজে নেতিবাচক বার্তা দেয় এবং তা গ্রহণযোগ্য নয়। এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিবাদ অব্যাহত থাকবে।
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি মন্তব্য প্রকাশ পায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। মন্তব্যটিকে নারীদের প্রতি অবমাননাকর ও আপত্তিকর আখ্যা দিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্রসংগঠন প্রতিবাদ জানায়। এ ঘটনার জেরে রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টসহ দলের শীর্ষ কয়েকজন নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে।
দলটির দাবি অনুযায়ী, একটি সমন্বিত পদ্ধতিতে হামলাকারীরা স্বল্প সময়ের জন্য ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ওই সময়েই একটি অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর পোস্ট প্রকাশিত হয়।
জামায়াতের ভাষ্য অনুযায়ী, পোস্টটিতে যেসব বক্তব্য প্রচার করা হয়েছে, তা জামায়াত আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, দ্রুত পদক্ষেপ ও বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তাদের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়।
তিনি ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রচারের নিন্দা জানিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে