Views Bangladesh Logo

পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যুর অভিযোগ

ঢাকার সাভারে পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২৯) নামে এক ছাত্রদল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) স্টাফ কোয়ার্টারের একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন মনোয়ারুল। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মনোয়ারুল হোসেন বকশী বিপিএটিসির নিরাপত্তাকর্মী জাফরের ছেলে এবং সাভার থানা ছাত্রদলের সহসভাপতি ছিলেন।

পুলিশ জানায়, রংপুরের পীরগঞ্জ থানায় দায়ের হওয়া একটি নিখোঁজ ডায়েরির সূত্র ধরে এক তরুণ ও তার প্রেমিকাকে খুঁজতে বৃহস্পতিবার রাতে পীরগঞ্জ থানা পুলিশের একটি দল সাভারে আসে। পরে সাভার মডেল থানা পুলিশের সহায়তায় মনোয়ারুলের বাসায় অভিযান চালানো হয়। তবে অভিযানের আগেই ওই তরুণ ও তরুণী সেখান থেকে চলে যান।

প্রতিবেশী রাসেল মনি অভিযোগ করেন, ভাগ্নেকে না পেয়ে পুলিশ মনোয়ারুলকে ধাওয়া করলে তিনি ছাদে উঠে যান। একপর্যায়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদারও দাবি করেন, পুলিশের ধাওয়ার সময় ছাদ থেকে পড়ে মনোয়ারুলের মৃত্যু হয়েছে।

অন্যদিকে অভিযানে অংশ নেওয়া পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কনক রঞ্জন বর্মন বলেন, বাসায় কাউকে না পাওয়ার কয়েক মিনিট পর একটি শব্দ শুনে নিচে গিয়ে দেখেন একজন যুবক ভবনের নিচে পড়ে আছেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, পীরগঞ্জ থানা পুলিশের অভিযানে সহযোগিতা করতে সাভার থানা পুলিশের একটি দল সেখানে ছিল। তবে তাদের সদস্যরা ভবনের নিচে অবস্থান করছিলেন। ভবনের ভেতরে অভিযানের সময় ওই যুবক ছাদ থেকে পড়ে যান। ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ