বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, মারামারি এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে সংঘটিত এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে ‘অদম্য জুলাই’ শিরোনামে একটি শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। একাডেমিক ভবনের নিচতলা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি উপাচার্যের বাসভবনের ফটকের দিকে যাওয়ার সময় ছাত্রদলের নেতা-কর্মীরা এতে বহিরাগতদের উপস্থিতির অভিযোগ তুলে আপত্তি জানান। এ নিয়ে শুরু হওয়া বাগ্বিতণ্ডা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরে দুই পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া চলে, এতে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আশিক আহমেদ দাবি করেন, বহিরাগতদের নিয়ে লাঠির সঙ্গে পতাকা বেঁধে শোভাযাত্রা বের করেছিল ছাত্রশিবির। এ বিষয়ে আপত্তি জানালে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা হামলা চালান। এতে ছাত্রদলের পাঁচ থেকে ছয়জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে তিনি জানান।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম অভিযোগ করেন, তাঁরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। শোভাযাত্রা উপাচার্যের বাসভবনের ফটকের কাছে পৌঁছালে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। তাঁর দাবি, এতে ছাত্রশিবিরের অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় বিচার চেয়ে উপাচার্যের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান বলেন, তিনি আহত শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করানোর কাজে ব্যস্ত রয়েছেন, পরে বিস্তারিত জানাবেন।
সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বরিশাল মহানগর পুলিশের সহকারী উপকমিশনার বেলাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায়।
উল্লেখ্য, গত দুই দিনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় এবং সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও একই ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়।
মতামত দিন