সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহত
সিলেটের কানাইঘাটে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নাবিল (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাবিল মুক্তাপুর গ্রামের আবুল হারিছের ছেলে। তিনি কানাইঘাট সরকারি কলেজের ছাত্র ছিলেন এবং ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই ইসলাম হোসেন নাবিলকে ছুরিকাঘাত করেন। সকালে বাড়ির বাথরুমে মাটি ফেলা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইসলাম হোসেন ছুরি দিয়ে নাবিলকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত নাবিলকে উদ্ধার করে প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী।
এদিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বুধবার বিকেল পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে