চেভেনিং স্কলারশিপের আবেদন শুরু, যুক্তরাজ্যে পূর্ণ অর্থায়নে মাস্টার্সের সুযোগ
যুক্তরাজ্য সরকারের মর্যাদাপূর্ণ চেভেনিং স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই স্কলারশিপের আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়নে এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা।
বুধবার (৫ আগস্ট) ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃত্বের সম্ভাবনা রয়েছে এমন ব্যক্তিরা এ কর্মসূচির মাধ্যমে উচ্চশিক্ষার পাশাপাশি বৈশ্বিক চেভেনিং নেটওয়ার্কের অংশ হওয়ার সুযোগ পাবেন।
চেভেনিং কর্তৃপক্ষ জানায়, নির্বাচনের ক্ষেত্রে আবেদনকারীর নেতৃত্বের গুণাবলি, প্রভাব বিস্তারের সক্ষমতা, যোগাযোগ দক্ষতা এবং নিজ নিজ ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার সম্ভাবনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, চেভেনিং স্কলারশিপ বাংলাদেশের মেধাবী তরুণদের আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের সুযোগ করে দিচ্ছে। এর মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
১৯৮৩ সালে যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩৯৫ জনের বেশি বাংলাদেশি চেভেনিং স্কলারশিপ অর্জন করেছেন। ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।
চেভেনিং হলো যুক্তরাজ্য সরকারের বৈশ্বিক স্কলারশিপ কর্মসূচি, যা ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে পরিচালিত হয়। বিশ্বের ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে নির্বাচিত শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ পান।
আগ্রহী প্রার্থীরা চেভেনিংয়ের নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার আগে কর্মসূচির লক্ষ্য, যোগ্যতা ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জেনে প্রতিযোগিতামূলক আবেদন প্রস্তুতের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
মতামত দিন