টেরিবাজারে আগুন: দগ্ধ হয়ে প্রাণ গেল দুইজনের
চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকায় অবস্থিত কে বি অর্কিড প্লাজা নামের একটি বহুতল বিপণিকেন্দ্রে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনটি দোকানঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ ইউনুস (৫২) ও মো. সোলাইমান (২৮)। নিহত দুজনের বাড়ি পটিয়া উপজেলায়।
এর আগে সকাল ১০টার দিকে ভবনটির চতুর্থ তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ইউনুস ও সোলাইমানসহ মোট তিনজন গুরুতর দগ্ধ হন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক নুরুল আলম আশিক গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, লালদীঘি সড়কের টেরিবাজার এলাকায় অবস্থিত এ ভবনটিতে বিভিন্ন দোকানপাট ও একটি বাণিজ্যিক ব্যাংকের কার্যালয় রয়েছে। স্থানীয়রা প্রথমে চতুর্থ তলার একটি টেইলার্স দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে চন্দনপুরা ও নন্দনকানন স্টেশন থেকে ইউনিটগুলো এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান জানান, দগ্ধ তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণত টেরিবাজার এলাকায় কেনাকাটার ভিড় থাকে। তবে ঈদের ছুটি শুরু হওয়ায় সকালে লোকসমাগম তুলনামূলক কম ছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে