Views Bangladesh Logo

চট্টগ্রাম-দোহাজারী রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেলপথ প্রতিমন্ত্রী

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রেললাইনে পানি উঠে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ থাকা চট্টগ্রাম–কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেলপথ প্রায় ৫ ফুট উঁচু করা হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ।

বুধবার সকালে রেলের বিশেষ গ্যাংকারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামে গত চার দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ি ঢলের পানি রেললাইনের ওপর ১৫ থেকে ২১ ইঞ্চি পর্যন্ত উঠে যায়। সাধারণত ৫ থেকে ৬ ইঞ্চি পানি থাকলেও ট্রেন চলাচল সম্ভব, তবে অতিরিক্ত পানির কারণে যাত্রী ও ট্রেনের নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম–কক্সবাজার রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি জানান, কক্সবাজারগামী ঢাকার যাত্রীরা একই টিকিটে চট্টগ্রাম পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। অব্যবহৃত অংশের টিকিটের অর্থ রেলওয়ের নিয়ম অনুযায়ী ফেরত দেওয়া হবে।

হাবিবুর রশীদ বলেন, বর্তমানে চট্টগ্রাম–দোহাজারী রেলপথের বিভিন্ন স্থানে রেললাইন ১ থেকে ২ ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় পুরো রেলপথ প্রায় ৫ ফুট উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রকল্পের দরপত্র প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ৩ ফুট পর্যন্ত পানি বাড়লেও ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে।

তিনি আরও জানান, ঢাকা–চট্টগ্রাম রুটে একটি নতুন কর্ডলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে। এটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লার দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমবে এবং যাতায়াতে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট সময় সাশ্রয় হবে। নতুন প্রকল্পে অতিরিক্ত লোকোমোটিভ ও কোচও যুক্ত করা হবে।

মীরসরাই ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় খাল ও জলাশয় দখলের কারণে রেলপথে পানি জমার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, নদী ও খাল উদ্ধার কার্যক্রমে সরকার কাজ করছে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সমন্বয়ে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সোলার প্রযুক্তি ও বৈদ্যুতিক ব্যবস্থার মাধ্যমে রেলওয়ের আধুনিকায়ন এবং যাত্রীসেবা উন্নয়নের কাজও চলমান রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ