Views Bangladesh Logo

চট্টগ্রাম-চীন রুটে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু

ট্টগ্রাম-চীন সামুদ্রিক রুটে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরে চীনের একটি পণ্যবাহী জাহাজ নোঙর করলে এ রুটে জাহাজ চলাচল শুরু হয়।

৫৫২টি কন্টেইনার নিয়ে চীনের নিংবো-ঝুশান বন্দর থেকে ছেড়ে আসা জাহাজ এমভি কোটা আংগুন সোমবার সকালে চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর জেটিতে নোঙর করে। এটি এই রুটের প্রথম পণ্যবাহী জাহাজ বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী টার্মিনাল ম্যানেজার (নিয়ন্ত্রণ) রাজীব চৌধুরী।

তিনি বলেন, ‘চায়না-চিটাগাং এক্সপ্রেস (সিসিই) নামের এই সার্ভিসে একাধিক প্রতিষ্ঠানের মালিকানাধীন জাহাজের একটি কনসোর্টিয়াম গঠন করা হয়েছে। এই সার্ভিসের আওতায় চীনের পোর্ট অব নিংবো-ঝুশান থেকে প্রথমবারের মতো আমদানীকৃত পণ্য নিয়ে মাত্র ৯ দিনের মাথায় চট্টগ্রাম বন্দরে এসেছে এমভি কোটা আংগুন নামের একটি ভ্যাসেল।’

বন্দর সূত্রে জানা গেছে, ৭ সেপ্টেম্বর চীনের সমুদ্রবন্দর নিংবো-ঝুশান বন্দর থেকে যাত্রা করে এমভি কোটা আংগুন। সাংহাই ও শেকো হয়ে নয় দিনের মাথায় চট্টগ্রামে বন্দরে পৌঁছায় জাহাজটি।

এর আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া বা কলম্বো হয়ে আসা জাহাজগুলোর চীন থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে ২০ থেকে ২৫ দিন সময় লাগতো।

এ ব্যাপারে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, নতুন রুটটি চীনের সঙ্গে আমাদের বাণিজ্য বাড়াতে সহায়তা করবে। বাংলাদেশ তৈরি পোশাক কারখানার ও রপ্তানি খাতের জন্য যন্ত্রপাতি ও কাঁচামাল চীন থেকে আমদানি করে। অন্যদিকে বাংলাদেশের রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাটের সুতা, চামড়া ও প্রক্রিয়াজাত চুল।

চীন থেকে প্রচুর পণ্য আমদানি করা হয়। তাই চীন-চট্টগ্রাম রুটে সরাসরি জাহাজ পরিচালনা করা বেশ সম্ভাবনাময় দিক হতে পারে বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ