Views Bangladesh Logo

চট্টগ্রামের লবণ কারখানার বিস্ফোরণে আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৫

চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স সল্ট ফ্যাক্টরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহমুদুল হক (৪০)।

নিহত মাহমুদুল হক পটিয়া উপজেলার খরসুমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গরনখাইন এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত খায়ের আহমদের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। তার দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে ব্রেইন স্ট্রোকের পর তার স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন খালিদ জানান, মাহমুদুল হকের শরীরের ৬০ থেকে ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এর আগে, গত ১৬ জুলাই দগ্ধ শ্রমিক দিদারুল আলম (৩২) ও মোহাম্মদ আলম (৪৫) মারা যান। ১৯ জুলাই বিকেলে মারা যান নুর নবী হৃদয় (২৫) এবং একই দিন রাতে মারা যান উজ্জ্বল দাশ (৫৩)।

উল্লেখ্য, বোয়ালখালীর কনফিডেন্স সল্ট ফ্যাক্টরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মোট ১০ জন শ্রমিক দগ্ধ হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ