চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
ডিপি ওয়ার্ল্ডের কাছে নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার পরিকল্পনার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা।
অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কোনো ইজারা চুক্তি সই করা হবে না— এমন আশ্বাসের পর শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বন্দর রক্ষা আন্দোলন পরিষদের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খোকন এ ঘোষণা দেন।
ধর্মঘট প্রত্যাহারের ফলে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম ধীরে ধীরে শুরু হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বার্থ অপারেটরস, শিপ হ্যান্ডলিং অপারেটরস এবং টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে ইকরাম চৌধুরী জানান, জেনারেল কার্গো বার্থের (জিসিবি) অধীনে থাকা জেটিগুলোর আটটি জাহাজে সকাল ৮টার শিফটে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। ফলে পণ্য ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম শুরু হয়েছে।
শিপ হ্যান্ডলিং অপারেটররাও নিশ্চিত করেছেন যে, বহির্নোঙরে মাদার ভ্যাসেল থেকে লাইটার জাহাজে পণ্য খালাস প্রক্রিয়া ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
এর আগে রোববার সকাল থেকে শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন। তাদের প্রধান দাবি ছিল—ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা, পাশাপাশি আরও তিনটি দাবি উত্থাপন করা হয়।
এদিকে ধর্মঘট চলাকালে বন্দর কর্তৃপক্ষ ১৭ জন ধর্মঘটকারী শ্রমিককে সাময়িক বরখাস্ত করেছে। এদের মধ্যে তিনজনকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে বলে জানা গেছে। পাশাপাশি ১৫ জন শ্রমিক ইউনিয়ন নেতার জন্য বরাদ্দ দেওয়া সরকারি বাসভবন হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
পরবর্তীতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের সময়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কোনো লিজ চুক্তি সই করা হবে না।
ইব্রাহিম খোকন বলেন, শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহারসহ অন্যান্য দাবি মানা না হলে ১৫ ফেব্রুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
চট্টগ্রাম বন্দর রক্ষা আন্দোলন পরিষদের নেতারা জানান, আমদানি-রপ্তানি কার্যক্রমের ধারাবাহিকতা, আসন্ন রমজান মাস এবং জাতীয় সংসদ নির্বাচনকে বিবেচনায় নিয়ে তারা ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে