Views Bangladesh Logo

এনসিটি-সিসিটির ইজারা বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির বিক্ষোভ

দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ইজারা দেওয়ার সরকারি উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি। প্রস্তাবিত ইজারা বাতিলের দাবিতে আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নগরীর বারিক বিল্ডিং মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। পরে একই স্থানে সমাবেশ করেন বিক্ষোভকারীরা। সমাবেশ শেষে তারা ইজারা প্রস্তাব বাতিল ও চট্টগ্রাম বন্দরের স্বার্থ রক্ষার দাবিতে স্লোগান দিতে দিতে বন্দরের দিকে পদযাত্রা করেন।

সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা বলেন, এনসিটি ও সিসিটি দেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সম্পদ। দীর্ঘমেয়াদি ইজারার মাধ্যমে এসব টার্মিনাল কোনো বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়া উচিত নয়।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যের অন্যতম প্রধান ভিত্তি। বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল কোনো বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া জাতীয় স্বার্থের অনুকূল হতে পারে না।

তিনি বলেন, টার্মিনাল ইজারা দেওয়ার যেকোনো সিদ্ধান্তে জাতীয় স্বার্থ, শ্রমিকদের অধিকার ও জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। বন্দরের সম্পদ ও অবকাঠামো জনগণের সম্পত্তি উল্লেখ করে তিনি এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে শ্রমিক ও জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিন বলেন, বন্দর শুধু একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়; এটি দেশের অর্থনীতি, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের সঙ্গে জড়িত একটি কৌশলগত স্থাপনা।

তিনি বলেন, টার্মিনাল পরিচালনার নামে কোনো বিদেশি কোম্পানিকে এনসিটি ও সিসিটির ওপর দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ দেওয়া হলে ভবিষ্যতে এর মারাত্মক বিরূপ পরিণতি হতে পারে। একই সঙ্গে বন্দর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর দাবি জানিয়ে ইজারা প্রস্তাব পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক তাসলিম হোসেন সেলিম এনসিটিকে দেশীয় বিনিয়োগে নির্মিত দেশের অন্যতম আধুনিক ও লাভজনক স্থাপনা হিসেবে উল্লেখ করেন। তার দাবি, টার্মিনালটি ইজারা দেওয়া হলে তা জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এবং জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ তৈরি করবে।

চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক দেলোয়ার মজুমদার এনসিটি ও সিসিটিকে দেশের জন্য বিপুল সুবিধা বয়ে আনা ‘সোনার ডিম পাড়া হাঁস’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী পুরো হাঁসটিই গিলে ফেলার চেষ্টা করছে। জাতীয় স্বার্থে এ ধরনের কোনো উদ্যোগ মেনে নেওয়া হবে না।

দেলোয়ার মজুমদার বলেন, তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন। তবে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। আন্দোলন আরও ছড়িয়ে পড়ার আগেই এনসিটি ও সিসিটি ইজারা দেওয়া হবে না—সরকারকে এমন ঘোষণা দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা ইজারা প্রস্তাব বাতিল ও চট্টগ্রাম বন্দরের স্বার্থ রক্ষার দাবিতে স্লোগান দিতে দিতে বন্দরের দিকে পদযাত্রা করেন। পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ