বন্দর ইজারা নিয়ে গোপনীয়তা জনস্বার্থের পরিপন্থী: ফরহাদ মজহার
জনগণকে না জানিয়ে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার সিদ্ধান্তকে গণস্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন কবি ও কলামিস্ট ফরহাদ মজহার। তিনি বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংশ্লিষ্ট শ্রমিক, ব্যবসায়ী সমাজসহ সব অংশীজনের অংশগ্রহণে স্বচ্ছ আলোচনার মাধ্যমে নেওয়া উচিত।
শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে ‘বন্দর সুরক্ষা বনাম বন্দর অচলাবস্থার রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে বন্দর সুরক্ষা কমিটি।
ফরহাদ মজহার বলেন, জনসাধারণকে অন্ধকারে রাখতে নন-ডিসক্লোজার ক্লজ ব্যবহার করা বিপজ্জনক।
স্থানীয় অদক্ষতার অজুহাতে বিদেশি কোম্পানির কাছে বন্দর ব্যবস্থাপনা হস্তান্তরের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, সংকটকালে যদি গুরুত্বপূর্ণ অবকাঠামো আউটসোর্স করা হয়, তাহলে রাষ্ট্রের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা নিয়েই প্রশ্ন উঠে।
সার্বভৌমত্ব প্রসঙ্গে তিনি বলেন, বন্দর ও সার্বভৌমত্ব একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। রাষ্ট্রের নামে আমলারা এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না।
আলোচনা সভায় উপস্থিত অন্যান্য বক্তারা অভিযোগ করেন, বন্দরের নিজস্ব তহবিল দিয়ে নির্মিত প্রকল্পগুলো বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর করা হচ্ছে, যা কর্মসংস্থান ও জাতীয় স্বার্থের জন্য হুমকি তৈরি করছে।
তারা জানান, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়া হলে প্রায় ৮০০ কর্মচারীর চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে। প্রস্তাবিত চুক্তির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বক্তারা স্বচ্ছতা ও জাতীয় নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
উল্লেখ্য, এর আগের দিন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানান, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব দেওয়ার চুক্তি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে