রমজানে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বন্দর
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজার স্থিতিশীল রাখতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা অপারেশন চালুর সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত দুটি কৌশলগত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। বৈঠকে চট্টগ্রাম কাস্টম হাউস, বাংলাদেশ রেলওয়ে এবং সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয়, রমজানকেন্দ্রিক পণ্য—যেমন খেজুর, ফলমূল, মসলা, চিনি ও ভোজ্যতেল—অগ্রাধিকার ভিত্তিতে শুল্কায়ন ও খালাস করা হবে। কাস্টমস ২৪ ঘণ্টা আমদানি পণ্যের শুল্কায়ন এবং রপ্তানি পণ্যের জাহাজীকরণ কার্যক্রম অব্যাহত রাখবে। একই সঙ্গে বন্দরের সার্বক্ষণিক কার্যক্রমও নিশ্চিত করা হবে।
ঢাকামুখী আটকে থাকা প্রায় দুই হাজার কনটেইনার দ্রুত সরিয়ে নিতে বাংলাদেশ রেলওয়ে-এর মাধ্যমে বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালু করা হয়েছে। এছাড়া অপারেশনাল কার্যক্রম ও কনটেইনার হ্যান্ডলিং তদারকিতে দুটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয়েছে।
বন্দর এলাকায় স্ক্যানার জটিলতা ও যানবাহনের দীর্ঘ সারি কমাতে কাস্টমস কর্তৃপক্ষকে দ্রুত স্ক্যানার মেরামত ও আধুনিকায়নের নির্দেশ দেওয়া হয়েছে। বন্দরের যন্ত্রপাতি সচল রাখতে একটি ‘কুইক রেসপন্স টিম’ও গঠন করা হয়েছে।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের স্বার্থে সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিলম্ব সহ্য করা হবে না। সাপ্লাই চেইনে বিলম্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
এদিকে, বন্দরের অপারেশনাল সক্ষমতা বাড়াতে সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আরিফ আবদুল্লাহর সভাপতিত্বে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, বিএফএফএ, বিকডা, চিটাগাং চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, কাস্টমস, রেলওয়ে ও পরিবহন খাতের প্রতিনিধিরা অংশ নেন। অংশীজনরা সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা অপারেশন চালুর সঙ্গে সমন্বয় রেখে অতিরিক্ত জনবল ও লজিস্টিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে