Views Bangladesh Logo

চট্টগ্রাম বন্দর: এনসিটি চালাবে বিদেশি অপারেটর, মেয়াদ ১৫ বছর

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছর মেয়াদে একটি আন্তর্জাতিক টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় টার্মিনালটি পরিচালনার জন্য চুক্তির খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব সিপিএ’স নিউমুরিং কনটেইনার টার্মিনাল, ইনক্লুডিং ওভারফ্লো ইয়ার্ড’ শীর্ষক পিপিপি প্রকল্পের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ও এর সঙ্গে সংশ্লিষ্ট ওভারফ্লো ইয়ার্ড ১৫ বছর মেয়াদে একটি আন্তর্জাতিক টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করা হবে। এ জন্য স্বাক্ষরিতব্য রেয়াতি চুক্তির খসড়া চূড়ান্ত অনুমোদনের বিষয়টি বৈঠকে উপস্থাপন করা হয়। কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে।

জানা গেছে, আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এনসিটি পরিচালনার লক্ষ্যেই পিপিপির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ প্রস্তাব এমন সময়ে অনুমোদন পেল, যখন এনসিটি পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড প্রস্তাব দেওয়ার পর থেকে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। সরকার প্রক্রিয়া এগিয়ে নিলেও শুরু থেকেই এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার বিরোধিতা করে আসছে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠন। এ নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলনও চলছে।

এক লাখ টন ইউরিয়া সার আমদানির অনুমোদন
একই বৈঠকে দেশে ইউরিয়া সারের নিরাপত্তা মজুদ গড়ে তুলতে এক লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এ সার আমদানি করবে। বিসিআইসি হবে এর বাস্তবায়নকারী সংস্থা।

বৈঠকে অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান জেএসসি ডেল্টা স্টার ট্রেডিং এফজেড-এলএলসি এবং রাশিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেএসসি শচেকিনোআজটের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করা হবে।

এ ক্ষেত্রে বিসিআইসির বিদ্যমান সরকারি পর্যায়ের চুক্তিতে ব্যবহৃত মূল্য নির্ধারণ সূত্র অনুসরণ করা হবে। সংযুক্ত আরব আমিরাতের ডেল্টা স্টার ট্রেডিংয়ের স্থানীয় প্রতিনিধি হিসেবে ঢাকার আবেদিতা ট্রেডিং কাজ করবে।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালি বন্ধ থাকায় সার আমদানি ব্যাহত হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজার থেকে সার আমদানিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অন্যদিকে, দেশের কয়েকটি সার কারখানায় সাম্প্রতিক সময়ে উৎপাদন ব্যাহত হওয়ায় অভ্যন্তরীণ চাহিদা পূরণেও ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় সম্ভাব্য সংকট মোকাবিলা এবং দেশে পর্যাপ্ত ইউরিয়া সার মজুদের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের ডেল্টা স্টার ট্রেডিং এফজেড-এলএলসি স্বপ্রণোদিত হয়ে বিসিআইসিকে এক লাখ মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহের প্রস্তাব দেয়। যাচাই-বাছাই শেষে বিসিআইসি প্রস্তাবটিকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করে।

এর পরিপ্রেক্ষিতে দেশে ইউরিয়া সারের নিরাপত্তা মজুদ গড়ে তুলতে ডেল্টা স্টার ট্রেডিং এফজেড-এলএলসি এবং রাশিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেএসসি শচেকিনোআজটের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নেওয়া হয়।

বিসিআইসির বিদ্যমান সরকারি পর্যায়ের চুক্তিতে নির্ধারিত মূল্য নির্ধারণ সূত্র অনুসরণ করে এ সার কেনা হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ