চট্টগ্রাম বন্দরে আজও অচলাবস্থা, জরুরি সভা ডাকল কর্তৃপক্ষ
চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বিতীয় দিনের মতো অব্যাহত থাকায় বন্দরের সার্বিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি চলছে।
এ পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার জরুরি সভা ডেকেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।
সভায় সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তা, নিরাপত্তা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শ্রমিক প্রতিনিধি এবং বন্দর ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, বন্দরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা, পণ্য খালাস ও লোডিং কার্যক্রমে সৃষ্ট স্থবিরতা নিরসন এবং চলমান অস্থিরতা মোকাবিলায় করণীয় নির্ধারণের লক্ষ্যে এ জরুরি সভা আহ্বান করা হয়েছে।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা কর্মবিরতির কারণে বন্দরের বিভিন্ন জেটিতে অবস্থানরত জাহাজ থেকে কনটেইনার ও খোলা পণ্য ওঠানো-নামানো বন্ধ রয়েছে। পাশাপাশি আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং, জাহাজের আগমন-প্রস্থান, অফডক থেকে কনটেইনার পরিবহন এবং বন্দরের অভ্যন্তরে পণ্যবাহী যান চলাচলও সম্পূর্ণভাবে বন্ধ আছে।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর বলেন, সরকার যতক্ষণ পর্যন্ত এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসবে, ততক্ষণ আমাদের কর্মসূচি চলবে।
এর আগে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। সোমবার কর্মসূচি শেষে মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দেওয়া হয়। পরে বুধবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়।
এদিকে আন্দোলনের পর প্রথম দিন চারজনকে তাৎক্ষণিকভাবে বদলি করে বন্দর কর্তৃপক্ষ। একদিনের কর্মবিরতিতে রাজস্ব ক্ষতির পরিমাণ নিরূপণে ছয় সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। পরবর্তীতে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আরও ১২ জনকে বদলি করা হয়।
সর্বশেষ সোমবার ১৫ জন কর্মচারীকে মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়েছে বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জানানো হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে