স্মার্টফোন বেশি চট্টগ্রাম বিভাগে, ইন্টারনেট ব্যবহারে এগিয়ে ঢাকা: বিবিএস
দেশের প্রায় ৭৩ শতাংশ পরিবারে স্মার্টফোন রয়েছে। বিভাগীয় হিসাবে স্মার্টফোন ব্যবহারে ঢাকার চেয়ে এগিয়ে চট্টগ্রাম। এই বিভাগের ৮৬ শতাংশ পরিবারে স্মার্টফোন আছে, ঢাকা বিভাগে এই হার ৮২ শতাংশ। তবে ইন্টারনেট ব্যবহারে এগিয়ে ঢাকা।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত জরিপে এই তথ্য উঠে এসেছে। ‘তথ্যপ্রযুক্তি ব্যবহারের সুযোগ এবং ব্যক্তি ও খানা পর্যায়ে ব্যবহার ২০২৪-২৫’ শীর্ষক এ জরিপে এই প্রথম জেলাভিত্তিক বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে আয়োজিত অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন করেন প্রকল্প পরিচালক সৈয়দা মারুফা শাকি। প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার।
জরিপ অনুযায়ী, স্মার্টফোন ব্যবহারে শীর্ষে রয়েছে ফেনী জেলা। এরপর যথাক্রমে কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, চাঁদপুর ও শরীয়তপুর। সবচেয়ে পিছিয়ে আছে গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, রংপুর, নীলফামারী, শেরপুর, ঝালকাঠি, কুড়িগ্রাম ও পঞ্চগড়।
স্মার্টফোনে পিছিয়ে থাকলেও ব্যক্তিপর্যায়ে ইন্টারনেট ব্যবহারে এগিয়ে আছে ঢাকা বিভাগ। ঢাকায় এই হার ৬৬ শতাংশ এবং চট্টগ্রামে ৬৫ শতাংশ। জাতীয় পর্যায়ে ৫৫ শতাংশ পরিবারে ইন্টারনেট সংযোগ রয়েছে।
সেমিনারে উন্মুক্ত আলোচনা পর্ব পরিচালনা করেন বিবিএসের কম্পিউটার বিভাগের পরিচালক কবির উদ্দিন আহাম্মদ। ঢাকার চেয়ে চট্টগ্রামে স্মার্টফোন ব্যবহার বেশি কেন— এই প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রামের প্রবাসী-অধ্যুষিত এলাকায় মানুষের হাতে স্মার্টফোনের সংখ্যা বেশি, এটি একটি কারণ হতে পারে।
ইন্টারনেটের ব্যবহার
ইন্টারনেট ব্যবহার করে মানুষ কী কাজ করে, সেটিও জরিপে উঠে এসেছে। দেশের ১১ দশমিক ৬ শতাংশ মানুষ অনলাইনে পণ্য বা সেবা কিনে থাকেন। তবে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার হয় সরকারি চাকরির বিজ্ঞপ্তি দেখার জন্য— ৬৪ শতাংশ ক্ষেত্রে। এরপর ৫০ শতাংশ ক্ষেত্রে খেলাধুলার তথ্য জানতে ইন্টারনেট ব্যবহার হয়।
জরিপে ডিজিটাল দক্ষতার চিত্রও উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৮৪ শতাংশ মানুষ কপি ও পেস্ট করতে পারেন, তবে মাত্র ১৫ শতাংশ ফাইল স্থানান্তর করতে সক্ষম। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মো. মীর হোসেন ও মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে