Views Bangladesh Logo

ব্যবহারকারীর লেখার ধরন আয়ত্ত করবে চ্যাটজিপিটি, এআই লেখায় কমবে যান্ত্রিকতা

 VB  Desk

ভিবি ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে লেখা এখন দৈনন্দিন কাজেরই অংশ হয়ে উঠেছে। ই-মেইল, প্রতিবেদন, আবেদনপত্র কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট—বিভিন্ন ধরনের লেখায় এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। তবে এআই দিয়ে তৈরি লেখার ক্ষেত্রে একটি সাধারণ অভিযোগ হলো, সেগুলো অনেক সময় একই ধরনের শব্দ, বাক্যগঠন ও অভিব্যক্তির কারণে সহজেই আলাদা করে চেনা যায়। এ থেকেই সাম্প্রতিক সময়ে ‘এআই স্লপ’ নিয়ে আলোচনা জোরালো হয়েছে।

এই সমস্যা কাটাতে ব্যবহারকারীর নিজস্ব লেখার ধরন অনুসরণ করার সক্ষমতা যুক্ত করেছে ওপেনএআই। নতুন সুবিধাটির লক্ষ্য হলো, চ্যাটজিপিটি যেন শুধু তথ্যসমৃদ্ধ ও ব্যাকরণসম্মত লেখা তৈরি না করে, বরং ব্যবহারকারী যেভাবে লিখতে অভ্যস্ত, সেই স্বাভাবিক ভঙ্গিও ধরে রাখতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এ সুবিধা বর্তমানে চ্যাটজিপিটি ওয়ার্ক-এর সঙ্গে যুক্ত। ব্যবহারকারীর দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন অ্যাপ সংযুক্ত করার মাধ্যমে চ্যাটজিপিটি তার লেখার ধরন সম্পর্কে ধারণা নিতে পারে। এর মধ্যে জিমেইল, গুগল ড্রাইভ, স্ল্যাক ও শেয়ারপয়েন্টের মতো সেবাও রয়েছে।

অর্থাৎ, কেউ যদি সাধারণত ছোট বাক্যে লেখেন, বিশেষ কোনো শব্দ বা বাক্যাংশ বারবার ব্যবহার করেন কিংবা ই-মেইলের শেষে নির্দিষ্ট ধরনের স্বাক্ষর বা সমাপ্তি বাক্য রাখেন, তাহলে এসব বৈশিষ্ট্য শনাক্ত করে পরবর্তী লেখায় তা অনুসরণ করার চেষ্টা করবে এআই। এমনকি শব্দের বড় হাতের বা ছোট হাতের ব্যবহারের মতো ব্যক্তিগত লেখার বৈশিষ্ট্যও বিবেচনায় নেওয়া হতে পারে।

ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, ব্যবহারকারীরা নিজেদের লেখা নমুনা দিয়েও চ্যাটজিপিটিকে নির্দিষ্ট ধরনের লেখার ভঙ্গি অনুসরণ করতে নির্দেশ দিতে পারেন। অর্থাৎ, আগে লেখা ই-মেইল, নোট বা অন্য কোনো নমুনা ব্যবহার করে শব্দচয়ন, বাক্যের দৈর্ঘ্য, আনুষ্ঠানিকতার মাত্রা ও সামগ্রিক টোনের মতো বৈশিষ্ট্য ধরে রাখার নির্দেশ দেওয়া সম্ভব।

তবে নতুন এই সুবিধাটি সাধারণ চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য কতটা বিস্তৃতভাবে চালু হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি ওপেনএআই। প্রতিষ্ঠানটির বিদ্যমান তথ্য অনুযায়ী, চ্যাটজিপিটি বিভিন্ন সংযুক্ত অ্যাপ ও ব্যবহারকারীর দেওয়া উপকরণ কাজে লাগিয়ে লেখার খসড়া তৈরি ও পরিমার্জনে সহায়তা করতে পারে। ফলে ভবিষ্যতে এআই-নির্ভর লেখায় ব্যক্তিগত লেখকের স্বর ও স্বাতন্ত্র্য আরও বেশি দৃশ্যমান হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ