Views Bangladesh Logo

বাংলাদেশে এআই চ্যাটবটের বাজারে ৭৬.৯১ শতাংশ দখল চ্যাটজিপিটির

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটের বাজারে এখনও সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে চ্যাটজিপিটি।
এআই নিউজ-ভিত্তিক প্লাটফর্ম এআই নিউজ বিডি-এর প্রকাশিত তথ্যমতে, দেশে এআই চ্যাটবটের বাজারে চ্যাটজিপিটির হিস্যা ৭৬ দশমিক ৯১ শতাংশ।

স্ট্যাটকাউন্টার গ্লোবাল স্ট্যাটসের তথ্যনির্ভর এই প্রতিবেদনে বলা হয়, চ্যাটজিপিটির পর দ্বিতীয় অবস্থানে রয়েছে গুগলের জেমিনি। আগস্টে এআই চ্যাটবটের বাজারে জেমিনির হিস্যা ছিল ১৮ দশমিক ৮৪ শতাংশ। এরপর রয়েছে পারপ্লেক্সিটি, গ্রক ও কোপাইলট। এসব চ্যাটবটের বাজার হিস্যা যথাক্রমে ১ দশমিক ৯৫, ১ দশমিক ১৫ ও ১ দশমিক ১০ শতাংশ।

এআই নিউজ বিডি-এর তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত এক বছরে বাংলাদেশের এআই চ্যাটবটের বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ২০২৫ সালের আগস্টে চ্যাটজিপিটির বাজার হিস্যা ছিল ৮৮ দশমিক ৪৯ শতাংশ। এক বছরের ব্যবধানে তা কমে ৭৬ দশমিক ৯১ শতাংশে নেমেছে। অর্থাৎ, এক বছরে চ্যাটজিপিটির বাজার হিস্যা কমেছে ১১ দশমিক ৫৮ শতাংশীয় পয়েন্ট।

অন্যদিকে, একই সময়ে জেমিনির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালের আগস্টে বাংলাদেশের এআই চ্যাটবটের বাজারে জেমিনির হিস্যা ছিল মাত্র ৩ দশমিক ৬২ শতাংশ। এক বছরে তা বেড়ে ১৮ দশমিক ৮৪ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ, জেমিনির বাজার হিস্যা বেড়েছে ১৫ দশমিক ২২ শতাংশীয় পয়েন্ট।

তবে বাজারে চ্যাটজিপিটির আধিপত্য এখনও স্পষ্ট।

আগস্টের পরিসংখ্যান অনুযায়ী, চ্যাটজিপিটি ও জেমিনি মিলিয়ে বাংলাদেশের এআই চ্যাটবটের বাজারের প্রায় ৯৬ শতাংশ দখলে রয়েছে। ফলে অন্যান্য চ্যাটবটের সম্মিলিত বাজার হিস্যা তুলনামূলকভাবে খুবই কম।

স্ট্যাটকাউন্টার গ্লোবাল স্ট্যাটসের ওয়েবসাইটভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ওয়েবসাইটে আসা রেফারেল বা নির্দেশিত প্রবেশের হিসাবের ভিত্তিতে এসব তথ্য তৈরি করা হয়েছে। ফলে এই পরিসংখ্যান সরাসরি ব্যবহারকারীর সংখ্যা বা মোট ব্যবহারের পরিমাণ নির্দেশ করে না; বরং সংশ্লিষ্ট চ্যাটবটগুলোর ওয়েব রেফারেল ট্রাফিকের বাজার হিস্যা তুলে ধরে।

পরিসংখ্যান বলছে, বাংলাদেশে চ্যাটজিপিটি এখনও সবচেয়ে প্রভাবশালী এআই চ্যাটবট হলেও গুগলের জেমিনি দ্রুত বাজার হিস্যা বাড়াচ্ছে। গত এক বছরের প্রবণতা অব্যাহত থাকলে দেশের এআই চ্যাটবটের বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ