Views Bangladesh Logo

নরসিংদীতে ওয়ার্কশপ থেকে যুবকের পোড়া লাশ উদ্ধার

রসিংদী সদর উপজেলার দগরিয়া এলাকায় একটি গাড়ি মেরামতের ওয়ার্কশপ থেকে এক যুবকের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম চঞ্চল ভৌমিক (২৫)। তিনি ওই ওয়ার্কশপে কর্মচারী হিসেবে কাজ করতেন।

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বলে জানায় পুলিশ। খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরে ভেতর থেকে চঞ্চলের মরদেহ উদ্ধার করে।

নিহত চঞ্চল ভৌমিক কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর গ্রামের খোকন ভৌমিকের ছেলে। কয়েক বছর আগে তিনি নরসিংদীতে এসে ওই গাড়ির ওয়ার্কশপে কাজ শুরু করেন বলে জানা গেছে।

নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক শিমুল রফিক জানান, খবর পেয়ে নরসিংদী স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ওই সময় ওয়ার্কশপের ভেতরে থাকা এক যুবক আগুনে পুড়ে মারা যান।

তবে ঘটনার সিসিটিভি ফুটেজ ঘিরে সৃষ্টি হয়েছে রহস্য। ওয়ার্কশপের সিসিটিভি ফুটেজে আগুন লাগার সময় দোকানের সামনে ও আশপাশে কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখা গেছে। একটি ফুটেজে এক যুবককে হাতে কালো রঙের ব্যাগ নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে ওই ব্যাগ থেকে কিছু বের করতে দেখা যায় এবং অল্প সময়ের মধ্যেই আগুন ধরে যায়। আগুন লাগার পর ওই যুবককে দ্রুত স্থান ত্যাগ করতে দেখা যায়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজে কয়েকজনকে দেখা গেলেও এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তারা ঘটনার সঙ্গে জড়িত কি না। আগুন লাগার শুরুতে দোকানের সামনে একজনকে দেখা গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, এটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, নাকি পরিকল্পিতভাবে আগুন দিয়ে হত্যা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ