তদন্তে দোষ পেলে মিষ্টির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তবে মিষ্টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি স্বরাষ্ট্রমন্ত্রী।
এ বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি তো জানি না। বিষয়টা আমার এখতিয়ারের নয়। এটা মাননীয় স্পিকার জানতে পারবেন।’
প্রধানমন্ত্রীর নির্দেশে মিষ্টি পদত্যাগ করেছেন—বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি দলীয় প্রধানও নই, আমি স্পিকারও নই। একটা বিষয়ে মাননীয় স্পিকার বলতে পারবেন, জমা দিয়েছেন কি না। দলীয় বিষয়টা দলের প্রধান বলতে পারবেন। তো একটু ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি।’
রাড্ডার ঘটনায় মিষ্টির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া কী হবে, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনি ব্যবস্থা হচ্ছে, অভিযোগের তদন্তে যদি সে অভিযুক্ত বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়, প্রাথমিকভাবে তার বিরুদ্ধে চার্জশিট হবে।’
দলীয় ও আইনি ব্যবস্থা আলাদা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দলীয় ব্যবস্থা হবে দলের পক্ষ থেকে। এটা আইনের বাইরে সাংগঠনিক ব্যবস্থা। আর আইনি ব্যবস্থা হচ্ছে, যদি চার্জশিটেড হয়, তাহলে তাকে আদালতের এখতিয়ারে যেতে হবে, আইনের আওতায় আসবে।’
তবে অভিযোগ তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়ার আগে কোনো সংসদ সদস্যের বিষয়ে মন্তব্য করা ঠিক নয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মতামত দিন