রামিসা হত্যাকান্ডে চার্জশিট দাখিল রোববার: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আগামী রোববার আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার রাতে রামিসার বাসা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, অভিযুক্ত ইতোমধ্যে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ডিএনএ পরীক্ষার কাজ চলছে সিআইডি ল্যাবে, যা রোববার দুপুরের মধ্যে শেষ হতে পারে। এরপরই একই দিন চার্জশিট দাখিলের প্রস্তুতি রয়েছে।
মন্ত্রী আরও জানান, দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের চেষ্টা চলছে। একই সঙ্গে শিশু ধর্ষণ ও হত্যার মতো ঘটনায় আইন সংশোধনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এর আগে রাত ১০টার দিকে সরকারপ্রধান মিরপুর-১১ এলাকায় রামিসার বাসায় যান এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক উপস্থিত ছিলেন।
সরকার নিহত শিশুটির বেঁচে থাকা বোনের শিক্ষা ও অন্যান্য ব্যয়ের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
গত মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাট থেকে রামিসার (৭) খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই ঘটনায় তার মাথা বাথরুম থেকে উদ্ধার করা হয়। ঘটনাটি দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।
এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা হয়েছে। প্রধান আসামি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে