বাড়িতে গান বাজালে মৃত্যুর খবর মসজিদের মাইকে প্রচার করা হবে না চাঁপাইনবাবগঞ্জের একটি গ্রামে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে বাড়িতে গান-বাজনা বা বাদ্যযন্ত্র বাজানো হলে সেখানে বিয়ে পড়াতে যাবেন না ইমাম—এমন নির্দেশনা জারি করেছে স্থানীয় একটি কমিটি। পাশাপাশি ওই বাড়ির কোনো সদস্যের মৃত্যুর খবরও মসজিদের মাইকে প্রচার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি জানাজানি হলে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় হস্তক্ষেপ করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে সদর উপজেলার তেররশিয়া পোড়াগ্রামে প্রায় ৪০টি পরিবার নিয়ে গঠিত একটি সমাজে গত দুই মাস ধরে এ নিয়ম কার্যকর করা হয়েছে। স্থানীয় মসজিদের ইমামের নেতৃত্বে গঠিত ‘সমাজ রক্ষা কমিটি’ গ্রামজুড়ে গান-বাজনা নিষিদ্ধ করে নোটিশ দেয়।
এছাড়া গ্রামের বিভিন্ন মোড়ে ‘গান-বাজনা নিষিদ্ধ’ লেখা ব্যানারও টানানো হয়। শুধু তাই নয়, বাইরে থেকে আসা ফেরিওয়ালাদেরও মাইক ব্যবহার করে পণ্য বিক্রি করতে নিষেধ করা হয়। তবে সম্প্রতি পুলিশ গিয়ে এসব ব্যানার খুলে নিয়ে যায়।
গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এলাকায় বসবাসকারী সবাই ইসলাম ধর্মের অনুসারী এবং নিয়মিত নামাজ আদায় করেন। কিন্তু বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে মাঝে মাঝে গান-বাজনা হয়। তাই সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—কোনো বাড়িতে গান-বাজনা হলে সেখানে ইমাম বিয়ে পড়াতে যাবেন না।
আরেক বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, গ্রামের বিভিন্ন মোড়ে গান-বাজনা নিষিদ্ধের ব্যানার টানানো হয়েছিল। এমনকি হকাররাও মাইক ব্যবহার করে প্রচার করতে পারবে না এবং মসজিদ থেকেও মৃত্যুর খবর প্রচার করা হবে না। পরে পুলিশ এসে ব্যানারগুলো সরিয়ে নেয়।
পোড়াগ্রাম মসজিদের ইমাম আব্দুল মালেক বিন খলিরুর রহমান বলেন, সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু আর কোনো নবী-রাসুল আসবেন না, তাই সমাজ সংস্কারের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, গান-বাজনা বন্ধের কোনো আইনি নিষেধাজ্ঞা নেই। তাই বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে