সিলেটে এনসিপির ইফতার মাহফিলে হট্টগোল
সিলেটে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে দুই দফায় হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
অভিযোগ উঠেছে সাংবাদিকরা ছবি তুলতে ও ভিডিও করতে গেলে তাদের সঙ্গে অসদাচরণ করা হয় ও তাদের ক্যামেরা কেড়ে নিতে চেষ্টা করেন দলটির সমর্থকরা।
এরপ্রেক্ষিতে সাংবাদিকরা ইফতার অনুষ্ঠান বয়কট করে বেরিয়ে আসেন। ইফতার পরে ফের দুই পক্ষের মধ্যে আবারো ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে কয়েক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যায় (২২ মার্চ) সিলেট নগরের বালুচর আমানউল্ল্যাহ কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের ঠিক সাত থেকে আট মিনিট আগে মঞ্চে বক্তব্য রাখছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসমিন জারা। এমন সময় মঞ্চের সামনের আসনে বসা নিয়ে দলটির নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েনে। এসময় ঘটনার ভিডিও চিত্র ধারণকালে ডিবিসি নিউজ, এটিএন নিউজ, খবরের কাগজ, ঢাকা পোস্টসহ বেশ কয়েকটি গণমাধ্যমের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। সাংবাদিকরা তাৎক্ষনিক প্রতিবাদ জানালে করা হয় অসৌজন্যমূলক আচরণ।
পরে সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি ঠিক হলেও ইফতার না করেই সাংবাদিকরা কনভেনশন সেন্টার থেকে বেরিয়ে আসেন। পরে তারা সেন্টার সংলগ্ন রাস্তার পাশের একটি ছোট রেস্তোরায় ইফতার করেন। এছাড়া ছাত্রদের একটি পক্ষ ইফতার না করেই বেরিয়ে বাইরে গিয়ে বিক্ষোভ করে দলের নেতাকর্মীদের আশ্রাব্য গালিগালাজ করেন।
নাম প্রকাশ না করার শর্তে এনসিপির যুগ্ম আহ্বায়ক পদবীর এক নেতা জানান, বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে বেশ কয়েকটি গ্রুপ রয়েছে। এরমধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা নাসির, গালিবসহ অন্তত ২৫/৩০ জন ইফতার মাহফিলে এসে হট্টগোল ও হাতাহাতি করে বেরিয়ে যান। ইফতার পরবর্তীতেও তারা হাতাহাতিতে জড়ায়।
সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এনসিপি নেতাকর্মীদের মধ্যে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনা অব্যাহত ছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে