Views Bangladesh Logo

চ্যানেল ওয়ানের সম্প্রচারে আইনি বাধা নেই: আপিল বিভাগ

 VB  Desk

ভিবি ডেস্ক

বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এদিন আদালতে চ্যানেলটির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় ও ব্যারিস্টার মারুফ।

এ বিষয়ে চ্যানেল ওয়ানের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাসুম বিল্লাহ সংবাদমাধ্যমকে বলেন, চ্যানেল ওয়ানের বিষয়ে আপিল আবেদন পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানি হয়েছে। শুনানি নিয়ে চ্যানেলের পক্ষে করা আবেদন গ্রহণ করা হয়েছে। ফলে দেশের অন্যতম জনপ্রিয় ‘চ্যানেল ওয়ান’ পুরো উদ্যমে সম্প্রচারে কোনো বাধা নেই।

আদালতের এমন আদেশে সন্তোষ প্রকাশ করেছেন চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। তিনি বলেন, অন্যায়ভাবে চ্যানেল ওয়ান বন্ধ করে দেয়া হয়েছিল। আজ আদালত ন্যায় বিচার করেছেন।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ১৬ বছর আগে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার কিছু পর তৎকালীন সরকার ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করে দেয়। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, শেখ হাসিনা রাজনৈতিক এবং প্রতিহিংসাবশত বিটিআরসিকে বাধ্য করে জনপ্রিয় এই গণমাধ্যমটির সম্প্রচারে হস্তক্ষেপ করতে।

পরে হাইকোর্ট বিভাগে মামলা করেন চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ। কিন্তু তৎকালীন সরকারের নির্দেশে মামলার আবেদন খারিজ করে দেয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ